কুমিল্লা সিটি নির্বাচন , প্রথম দিনেই ছেঁড়া হলো পোস্টার, মাইক ভাঙচুর
গত শুক্রবার প্রতীক বরাদ্দের পর কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণায় লেগেছে উত্তাপ। প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম কুমিল্লা সিটি করপোরেশন এলাকা। নগরীর সবখানে চলছে নির্বাচনী আলাপ-আলোচনা। কে হবেন কুসিকের তৃতীয় মেয়র—এ নিয়ে ভোটারদের মধ্যে হিসাব-নিকাশের অন্ত নেই
এরই মধ্যে পুরো নগরী ছেয়ে গেছে প্রার্থীদের নির্বাচনী পোস্টার ও ব্যানারে। মাইকিংয়ে ঝড় তুলছেন প্রার্থীদের প্রচারকর্মীরা। নগরীজুড়ে বিরাজ করছে ভোটের উৎসব।
তবে এ উৎসবের শুরুতেই ঘটতে শুরু করেছে নানা অপ্রীতিকর ঘটনা। প্রচারণার প্রথম দিনই
টেবিল ঘড়ি প্রতীকের বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর হাজারখানেক নির্বাচনী পোস্টার ও বেশ কয়েকটি ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ছাড়া দুটি প্রচার মাইকও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায়
নগরীর ১২ নম্বর ওয়ার্ডের নানুয়া দীঘিরপাড়ে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন সাক্কু।
তিনি বলেন, ‘শুক্রবার গভীর রাতে নগরীর চকবাজার, কাপড়িয়াপট্টি, দেশওয়ালীপট্টি, রাজগঞ্জ ও কান্দিরপাড় এলাকায় আমার নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। একই সময় তারা বেশ কয়েকটি ব্যানারও কেটে ফেলে। আর শুক্রবার রাতে প্রচারণা শেষে ফেরার পথে টিক্কারচন ও বিষ্ণুপুর এলাকায় আমার দুটি প্রচার মাইক ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আমি রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছি। ’
কারা এ ঘটনা ঘটাতে পারে এমন প্রশ্নের জবাবে সাক্কু বলেন, ‘যে রাস্তায় এ ঘটনা ঘটেছে সেখানে অনেক সিসি ক্যামেরা আছে। প্রশাসন ইচ্ছা করলে দুর্বৃত্তদের শনাক্ত করতে পারে। আমার জনপ্রিয়তা দেখে সহ্য করতে না পেরে ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। আমি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ করব, এ বিষয়ে ব্যবস্থা নিতে। ’
রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী জানান, এ ঘটনায় স্বতন্ত্র মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর একটি অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে মনিরুল হক সাক্কু আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন গতকাল শনিবার। গতকাল নগরীর কাপড়িয়াপট্টি, দেশওয়ালীপট্টি ও কান্দিরপাড় এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় উন্নয়ন অব্যাহত রাখার জন্য আবারও তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গণসংযোগকালে সাক্কুর নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
মাঠে নামেননি রিফাত, প্রচারণায় নেতাকর্মীরা
প্রতীক বরাদ্দের পর দুই দিন চলে গেলেও এখনো নির্বাচনী মাঠে নামেননি নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। গতকাল বিকেলে তাঁর পক্ষে গণসংযোগ করেন দলের নেতাকর্মীরা। নৌকা প্রতীকের পক্ষে গতকাল বিকেলে নগরীর স্টেশন রোড এলাকায় গণসংযোগ করেন কুমিল্লা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলামসহ নেতারা। এর আগে গতকাল দুপুরে নগরীর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে আরফানুল হক রিফাতের পক্ষে বৈঠক করেন দলের নেতাকর্মীরা।
গতকাল বিকেলে নৌকার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম বলেন, ‘আমাদের প্রার্থী একটি বিশেষ কাজে ঢাকায় আছেন। তিনি দু-এক দিনের মধ্যে মাঠে নামবেন। এখন নৌকার পক্ষে মাঠে কাজ করছেন দলের নেতাকর্মীরা। শনিবার নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছে নেতাকর্মীদের ১০টি টিম।
আচরণবিধি ভঙ্গ, নৌকার প্রার্থীর ১০ হাজার টাকা জরিমানা
নির্বাচনী আচরণবিধি ভাঙার দায়ে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গাড়িতে পোস্টার সাঁটিয়ে নির্বাচনী প্রচার চালানোয় গতকাল দুুপুরে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিউলি রহমান তিন্নি বলেন, ‘শনিবার দুপুরে নগরীর ডুলিপাড়ায় গাড়িতে পোস্টার সাঁটিয়ে নির্বাচনী প্রচার চালান নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাতের কর্মী-সমর্থকরা। নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় রিফাতকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার পাশাপাশি নৌকার প্রার্থীকে সতর্ক করা হয়েছে। ’
প্রচারণায় জীবন্ত ঘোড়া, কায়সারকে ৫০ হাজার টাকা জরিমানা
বিএনপিপন্থী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার গতকাল শনিবার সকাল থেকে নগরীতে নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন। গতকাল তিনি চকবাজার, কাপড়িয়াপট্টি, দেশওয়ালীপট্টি, কান্দিরপাড়, বাদুরতলা, সালাউদ্দিন, মুরাদপুর, রাজগঞ্জ ও কোর্টবাড়ী এলাকায় গণসংযোগ করেন।
ঘোড়া প্রতীক পাওয়া এই মেয়র প্রার্থী নির্বাচনী প্রচারে জীবন্ত ঘোড়া ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে জরিমানা করেছেন। নগরীর দক্ষিণ চর্থা গোলচত্বর এলাকায় প্রচারের সময় গতকাল সকাল ১১টার দিকে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

No comments